রবিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে দেশের তিনটি বিভাগে এই ধরনের সমন্বয় কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তা থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। চলতি মাসের মধ্যেই দেশের সবকটি বিভাগে এই প্রশিক্ষণ পর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে। বিভাগীয় পর্যায় থেকে সংগৃহীত মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকেই চূড়ান্ত নীতিমালা রূপায়ন করা হবে, যা পরবর্তীতে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় মূল নির্দেশিকা হিসেবে কাজ করবে।
কর্মসূচীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের সার্বিক উচ্চশিক্ষার শক্ত ভিত্তি গড়ে তুলতে হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত সংস্কার জরুরি। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং জাতীয় শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা প্রধান রূপকার হিসেবে দায়িত্ব পালন করছেন।
উক্ত কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের দুই শতাধিক প্রশাসনিক প্রতিনিধি ও শিক্ষা কর্মকর্তা অংশ নিয়ে তাঁদের মতামত প্রদান করেন।