বুধবার, 18 নভেম্বর 2026
সকল বিভাগ

পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে চারটার দিকে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সিয়াম, যার নিজ বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পার্ক করে রাখা দুটি যাত্রীবাহী বাসে রাতের আঁধারে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক পরিবহন সহকারীর মর্মান্তিক প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে চারটার দিকে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সিয়াম, যার নিজ বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসস্ট্যান্ডে অবস্থানরত বাহক এবং লিসা নামের দুটি পরিবহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই সময় একটি বাসের ভেতরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সিয়াম, যার ফলে তিনি আর বের হতে পারেননি এবং আগুনে পুড়ে তার মৃত্যু হয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ছুটে আসেন এবং আশেপাশের অন্যান্য বাসে থাকা ঘুমন্ত লোকজনকে ডেকে নিরাপদে সরিয়ে নেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন এবং নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। সেসময় ঘটনাস্থলে থাকা লোকজনের ভাষ্যমতে, নাশকতাকারীরা তিনটি মোটরসাইকেল যোগে সেখানে উপস্থিত হয়েছিল এবং যানবাহনে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।

এই অগ্নিসংযোগ ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জগলুল হাসান। খোঁজ নিয়ে জানা যায়, পুড়ে যাওয়া লিসা পরিবহনের সত্ত্বাধিকারী হলেন ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম সরদার। অপরদিকে, ক্ষতিগ্রস্ত বাহক পরিবহনের মালিকানায় রয়েছেন ঝালকাঠির বাসিন্দা অমিত পাল।