ভারতের রাজধানী নতুন দিল্লিতে নতুন করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তরুণভিত্তিক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি।
আগামীকাল শুক্রবার বিকেলে দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে সমর্থকদের সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, জাতীয় পতাকা ওড়ানোর কারণে তাদের দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে কারাগারে পাঠানো হয়েছে। এই পদক্ষেপের প্রতিবাদে দেশের সাধারণ মানুষ ও দেশপ্রেমিকদের নিজ হাতে জাতীয় পতাকা নিয়ে নির্ধারিত স্থানে জমায়েতের আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, জাতীয় পতাকা প্রদর্শন কোনো অপরাধ নয় এবং এই কারণে কারাবরণ করতে হলেও তিনি পিছপা হবেন না। পাশাপাশি যারা রাজধানীতে আসতে অপারগ, তাদের নিজ নিজ এলাকায় একই সময়ে তেরঙ্গা পদযাত্রা করার অনুরোধ জানান তিনি।
এর আগে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির সময় সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে নিরাপত্তা বাহিনী আটক করে। পরবর্তীতে বুধবার আদালতের নির্দেশে তাদের পাঁচ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, তাদের কেবল পতাকা প্রদর্শনের কারণে আটক করা হয়নি; বরং বিক্ষোভ নিষিদ্ধ এমন স্থানে অবৈধ অনুপ্রবেশ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার পূর্বশর্ত লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই দিল্লিতে বিভিন্ন বিরোধী দল ও ককরোচ জনতা পার্টি ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। এর আগে যন্তর মন্তরে অনুষ্ঠিত একটি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি তৎপরতা, যান চলাচলে কড়াকড়ি ও আটকের ঘটনার পর দিল্লি পুলিশ ওই স্থানটিকে বিক্ষোভের তালিকা থেকে বাদ দিয়ে নতুন তিনটি বিকল্প জায়গা নির্ধারণ করে। আসন্ন শুক্রবারের এই জমায়েতকে ঘিরে রাজধানীতে কেমন মাত্রার জনসমাগম হবে কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কী ধরনের নিরাপত্তা কৌশল নেবে, তা নিয়ে নজর রাখছে স্থানীয় প্রশাসন।