দক্ষিণ লেবাননে সামরিক অভিযান পরিচালনার সময় সাঁজোয়া যান উল্টে ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরও তিন সেনা সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, নিহত কর্মকর্তার নাম ক্যাপ্টেন এলিয়াভ হাইম তজাপালামুস (২১)। তিনি হাইফার বাসিন্দা এবং ইসরাইলি সেনাবাহিনীর কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ৭ ব্রিগেডের ৬০৩ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। দক্ষিণ লেবাননের লিতানি নদীর তীরবর্তী এলাকায় অভিযান চলাকালে তাদের একটি হুমভি (Humvee) সামরিক যান উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
সেনাবাহিনী আরও নিশ্চিত করেছে, দুর্ঘটনায় আহত অপর তিন সেনাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় এবং ইতোমধ্যে ঘটনাটি তাদের পরিবারকে জানানো হয়েছে।
ক্যাপ্টেন তজাপালামুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের মানুষ ও সার্বভৌমত্ব রক্ষায় অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে তরুণ এই কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। স্বপ্ন ও সম্ভাবনাময় একটি প্রজন্মের প্রতিনিধিত্ব করা এই অফিসারের মৃত্যুতে হাইফাবাসীর পক্ষে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। তজাপালামুসের মা হাইফা পৌরসভার একজন কর্মী হিসেবে কর্মরত।
এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম কান নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে পৃথক আরেকটি ঘটনায় আরও দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন। গোলাবারুদ ব্যবহারের সময় অসতর্কতাবশত এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহত ওই সেনাদের আঘাতও গুরুতর নয় বলে উল্লেখ করা হয়েছে।