শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

ইউরোপ রাশিয়াকে হারাতে পারবে না : পুতিন

সাধারণ ইউরোপীয়রা মস্কোর সাথে কোনো সংঘাতে জড়াতে চায় না এবং রাশিয়ারও এমন কোনো ইচ্ছা নেই।

ইউরোপ রাশিয়াকে হারাতে পারবে না : পুতিন
ইউক্রেন সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও কিয়েভের সাথে ফের ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণের পূর্ণ সম্মতি জ্ঞাপন করেছেন রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপের দেশগুলোর যুদ্ধংদেহী আচরণকে বাস্তববিবর্জিত বা রাজনৈতিক সিজোফ্রেনিয়া বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর মতে, সামরিক শক্তির মাধ্যমে মস্কোকে পরাস্ত করার যে স্বপ্ন তারা দেখছে, তা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয়।

রুশ সংবাদমাধ্যম তাসের সূত্রমতে, সম্প্রতি এক সাক্ষাৎকারে পুতিন জেনেটিক গবেষণার প্রসঙ্গ টেনে রুশ ও ইউক্রেনীয়দের মূলত একটিই জাতি এবং পরস্পরকে ভাই হিসেবে অভিহিত করেন। তবে কিয়েভের বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করে তিনি জানান, জেলেনস্কি প্রশাসন নিজেদের সাধারণ নাগরিকদের জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে লড়াইয়ের ময়দানে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সম্মুখ সমরে পাঠানো এসব মানুষের যুদ্ধ করার মতো বিন্দুমাত্র মানসিকতা নেই।

ইউরোপের তথাকথিত রুশ আগ্রাসনের ভীতি ছড়ানোর অপচেষ্টাকে অবাস্তব আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করেন যে, সাধারণ ইউরোপীয়রা মস্কোর সাথে কোনো সংঘাতে জড়াতে চায় না এবং রাশিয়ারও এমন কোনো ইচ্ছা নেই। যারা মস্কোকে হারানোর বৃথা চেষ্টা করেছে বা করছে, তাদের উদ্দেশে তিনি বলেন, শত্রুতার পরিবর্তে রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই সবার জন্য মঙ্গলজনক।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই শান্তি আলোচনা আগামী ১০ নভেম্বরের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন পুতিনের শীর্ষ সহযোগী ইউরি উশাকভ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের তথ্যমতে, সংঘাতের একটি স্থায়ী ও কার্যকর সমাধানের লক্ষ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ নরওয়ের অসলোতে জেলেনস্কির সাথে একটি ইতিবাচক বৈঠক সম্পন্ন করেন। সেই আলোচনার প্রস্তাবনাগুলো নিয়েই ঠিক পরের দিন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সাথে উচ্চপর্যায়ের এক কূটনৈতিক বৈঠকে মিলিত হন তিনি।