শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও মুক্তির চেতনাকে উদযাপন করতে শুরু হয়েছে বিশেষ শিল্প প্রদর্শনী ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, দেশীয় শিল্প-সংস্কৃতির বৈচিত্র্যময় রূপ বিশ্বমঞ্চে ফুটিয়ে তুলতে কাজ করছে সরকার। চারুশিল্পের ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সুনাম আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ঐতিহাসিক গণআন্দোলনে চিত্রশিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন।
একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে দেশের ৫৬ জন প্রথিতযশা, প্রবীণ ও নবীন শিল্পীর বৈচিত্র্যময় শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (শুক্রবার ও শনিবার) দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর এবং একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পীরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।