তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে পেশাগত ঝুঁকি, জীবনযাত্রার বাড়তি ব্যয় এবং ওয়েজ বোর্ড সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, সাংবাদিকদের রুটি-রুজির নিরাপত্তা বিধানে সরকার নীতিগতভাবে একমত এবং বিদ্যমান জটিলতা নিরসন করে শিগগিরই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল এবং এর প্রভাবে বাজারে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার যে শঙ্কা রয়েছে, তা নাকচ করে দেন তথ্য উপদেষ্টা। তিনি ব্যাখা করেন, বাৎসরিক ইনক্রিমেন্টের প্রভাবে অনেকের বেতন ইতোমধ্যেই কাঙ্ক্ষিত স্তরে পৌঁছে গেছে, ফলে হুট করে মূল্যস্ফীতি দ্বিগুণ হওয়ার বৈজ্ঞানিক কোনো কারণ নেই।
পাশাপাশি অর্থনৈতিক চাপ সামলাতে প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার্থে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি তুলে ধরে তিনি জানান, চলতি বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের মাঝে এটি বিতরণ করা হবে, যার ফলে দেশের প্রায় দুই কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।