ঢাকায় সফররত আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সম্মানার্থে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণে অবিরাম কাজ করে যাচ্ছে। দেশে আইনের শাসন নিশ্চিতকরণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই এই সরকারের প্রধান অগ্রাধিকার। দীর্ঘ ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সংস্থা আইপিইউ-এর ভূমিকার প্রশংসা করে তিনি উল্লেখ করেন, মানবাধিকার রক্ষা, আন্তর্জাতিক সংসদীয় সম্পর্ক জোরদার এবং পরিবেশগত সংকটে সংস্থাটি বৈশ্বিক নেতৃত্ব দিচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের মতো ইস্যুতে বাংলাদেশ সরকারের ওপর যে চাপ পড়ছে, সংসদীয় কূটনীতির মাধ্যমে তা লাঘবে সংস্থাটি কার্যকরী অবদান রাখতে পারে বলে আশাবাদ জানান তিনি।
জবাবে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। সংসদকে দেশের মানুষের অধিকার ও আইনের শাসন সুরক্ষায় মূল অভিভাবক হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।
সংক্ষিপ্ত বক্তব্য পর্ব শেষে বিরিশিরি একাডেমির শিল্পী দল পরিবেশিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। সংসদীয় উচ্চপর্যায়ের একাধিক নেতা ও সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিগণ এই অনুষ্ঠানে অংশ নেন।