শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

আক্কেলপুরে নদীতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে তুলশীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছে আব্দুল্লাহ নামের ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্র।

আক্কেলপুরে নদীতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে তুলশীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছে আব্দুল্লাহ নামের ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্র।

শুক্রবার সকালে পৌরসভাধীন রাজকান্দা-ঠেংগাপুর গ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ ওই গ্রামের বাসিন্দা ফারুক আহম্মেদের ছেলে এবং স্থানীয় রাজকান্দা-ঠেংগাপুর ক্বওমী মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে মাদরাসা ছুটি হওয়ার পর আব্দুল্লাহ নিজ বাড়িতে ফেরে। পরবর্তীতে সকাল ১০টার দিকে সে বেশ কয়েকজন সহপাঠীর সঙ্গে মাদরাসার নিকটবর্তী তুলশীগঙ্গা নদীতে গোসলে নামে। এক পর্যায়ে সাঁতরে নদীর এপাড় থেকে ওপাড় যাওয়ার চেষ্টা করলে পানির স্রোতে সে তলিয়ে যায়। তার সহপাঠীরা চিৎকার শুরু করলে গ্রামবাসী এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ সময় সন্ধান না পাওয়ায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা হয়।

সংবাদ পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা তল্লাশির পর নদীর গভীর থেকে আব্দুল্লাহর নিথর দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মেহেজাবিন তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুরো ঘটনা প্রসঙ্গে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কাদের জানান যে, খবর পাওয়ার সাথে সাথেই তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। নদী থেকে উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে এর আগেই তার মৃত্যু হয়। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।