মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই

সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে এক ঠিকাদারসহ দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা লুটে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই
ছবিঃ সংগৃহীত

সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে এক ঠিকাদারসহ দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা লুটে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন— ঠিকাদার আলামিন (৩০) ও দোকানের কর্মচারী পারভেজ (২২)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে আসা এক প্রত্যক্ষদর্শী জানান, আলামিন ও পারভেজ পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে জামগড়া ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী আলামিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইয়ের নিচে গুলি লেগেছে। জরুরি বিভাগে তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রদান করা হচ্ছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে তদন্ত শুরু করেছে।