২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে নতুন করে কোনো গায়েবি মামলা দায়ের হয়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তাঁর ভাষ্য, গত দুই বছরে কোনো রাজনৈতিক গায়েবি মামলা হয়েছে—এমন প্রমাণও পাওয়া যায়নি।
রোববার দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অতীতে গায়েবি মামলাগুলোর বাদী হিসেবে সাধারণত পুলিশকে দেখা যেত। তবে গত দুই বছরে পুলিশ বাদী হয়ে নতুন করে কোনো মামলা করেনি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, 'অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক, অস্ত্র ও সোনা চোরাকারবার বন্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন করা হলে আসাদুজ্জামান বলেন, 'এ বিষয়ে কোনো দ্বিমত বা শর্ত নেই। জুলাই সনদ অনুযায়ী সার্বিক বাস্তবায়ন সম্পন্ন করা হবে।'
এর আগে সাতক্ষীরার বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। বিচার বিভাগকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বিচারকদের শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার পাশাপাশি মামলাজট কমানোর আশ্বাস দেন তিনি।
সাতক্ষীরায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কায়সার আজিজ।