মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ : স্পিকার
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৭ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলাপকালে স্পিকার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সুদীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে ব্রিটেনের জনগণের ঐতিহাসিক সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রের আদলে পরিচালিত হয় এবং নব্বইয়ের দশকের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এ দেশে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্পিকার বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ এবং সাধারণ মানুষের বিশেষ করে প্রান্তিক পর্যায়ের কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছেন তা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার প্রসারে কাজ করছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে যুক্তরাজ্যের কারিগরি সহযোগিতা সহায়ক হতে পারে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতা, সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং বর্তমান বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ অভিবাসন সংকট ও তার নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার দেশের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। এ সময় তিনি চলমান মধ্যপ্রাচ্য সংকট প্রসঙ্গে ব্রিটেনের অবস্থান পরিষ্কার করে বলেন, ব্রিটিশ সরকার যেকোনো ধরনের যুদ্ধ বা সংঘাতের বিরোধী।

স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভিনন্দন জানান হাইকমিশনার। বিনিময়ে স্পিকার দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদের পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন। এ সময় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের উচ্চপদস্থ প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।