সিরিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে প্রেসিডেন্ট আহমাদ আল-শারা ও ইরাকি কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি (কেডিপি)-এর নেতা মাসউদ বারজানির মধ্যে টেলিফোন আলোচনা। সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে এ আলাপে বিস্তারিত মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা।
বারজানি সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা ঘোষিত প্রেসিডেন্সিয়াল ডিক্রি নং (১৩) অব ২০২৬-এর ভূয়সী প্রশংসা করেন। এই ডিক্রির মাধ্যমে সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর অধিকার ও বিশেষ মর্যাদা নিশ্চিত করা হয়েছে। এতে কুর্দিদের সিরিয়ার জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং কুর্দি ভাষাকে আরবির পাশাপাশি জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।
ডিক্রিতে আরও বলা হয়েছে, ১৯৬২ সালের আদমশুমারির ফলে সৃষ্ট বৈষম্যমূলক আইন বাতিল করা হয়েছে এবং কুর্দি বংশোদ্ভূত সকল নাগরিককে সিরিয়ার নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, নওরুজ (২১ মার্চ) সারা দেশে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।
ফোনালাপে উভয় নেতা সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সিরিয়ার উত্তরাঞ্চলে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) ও সরকারি বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষাপটে এ আলোচনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আল-শারা সরকার কুর্দিদের অধিকার নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বারজানির নেতৃত্বাধীন কেডিপি ইরাকি কুর্দিস্তানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ সিরিয়া-কুর্দি সম্পর্কের উন্নয়নে নতুন গতি আনতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে।