জ্বালানি তেলের (ডিজেল) দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির পর দূরপাল্লা ও মহানগর বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার জানানো হবে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে ভাড়া সমন্বয় সংক্রান্ত বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠক শেষে তিনি বলেন, "ভাড়া নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামীকালই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।"
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে সরকার প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। এরপর থেকেই পরিবহন ভাড়া সমন্বয়ের প্রক্রিয়া শুরু করে সরকার। এর অংশ হিসেবে ১৯ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-তে ভাড়া সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তিন দিন পেরিয়ে গেলেও এখনো ভাড়ার বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবারের বৈঠকে বিআরটিএ প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বৃদ্ধির সুপারিশ করেছিল। তবে আজকের মন্ত্রণালয়ের বৈঠকের পর সেই প্রস্তাবে কিছুটা পরিবর্তন আসতে পারে। সব দিক বিবেচনায় নিয়ে আগামীকাল চূড়ান্ত ভাড়ার তালিকা প্রকাশ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।