৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তারা স্মৃতিসৌধের মূল বেদিতে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ৮৪ একরের এই চত্বর জনসমুদ্রে পরিণত হয়। সাধারণ মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ভরে ওঠে শহীদ বেদি।
বাঙালি জাতির ইতিহাসের অনন্য গৌরবের এই দিনটি ছিল ১৯৭১ সালে পাকিস্তানি শোষকদের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করার আনুষ্ঠানিক সূচনালগ্ন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয়েছিল কাঙ্ক্ষিত বিজয়, যার বিনিময়ে আমরা পেয়েছি নিজস্ব ভূখণ্ড, মানচিত্র ও লাল-সবুজের পতাকা। দিবসটি উপলক্ষ্যে আজ সারাদেশে সরকারি ছুটি পালিত হচ্ছে এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীর মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।