যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (৮ জুলাই) দুপুরে শার্শা উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান।
আটক ব্যক্তিরা হলেন— সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের মৃত ইমানুর রহমানের ছেলে ও ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ও ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) এবং একই এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রগুলোর ওপর গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছিল। এরই অংশ হিসেবে কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে চারজনকে আটক করে বিজিবির টহল দল।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, "দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। সীমান্তের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এ ধরণের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"