মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে ভারতীয় পণ্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের সদস্যরা রেলস্টেশন এলাকায় অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক।
অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
অভিযান চালিয়ে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস উদ্ধার করা হয়। বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
বিজিবি জানিয়েছে, বেআইনিভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান বন্ধ এবং অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।