বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল এবং দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় শাজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তেতুলিয়াগাড়ির আব্দুস ছালাম (৩০), আবু বক্কর (২৮) এবং শাজাহানপুরের রুপিহার গ্রামের পারভেজ (২৫)। স্থানীয়দের দাবি, গ্রেপ্তারকৃতরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভিযান পরিচালনা করা হয়। শাজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিন এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট ফাতিন জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।”
নির্বাচনের আগে জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে।