সমুদ্রপথে মানবপাচারের আরেকটি বড় চেষ্টার নস্যাৎ করল বাংলাদেশ কোস্ট গার্ড। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মানবপাচারের অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৬ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সমুদ্রপথে মানবপাচার প্রতিরোধে চলমান নজরদারির অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মানবপাচারের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফ এলাকায় নিয়ে আসে। পরে তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়।
কোস্ট গার্ড আরও জানায়, পাচারকারীরা উদ্ধার হওয়া এসব ব্যক্তিকে সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের, জব্দ করা বোট এবং আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।