বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা: ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আয়েজ উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা: ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় ইট ও বালু ব্যবসায়ী এবং যুবলীগ নেতা আবু তালেব হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আয়েজ উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— ফিরোজ হোসেন ওরফে ফোকরা (২৫), চাঁন মিয়া ও বাপ্পারাজ ওরফে বাপ্পা।

মামলার বিবরণ অনুযায়ী, আবু তালেব বগুড়া শহরের সাবগ্রাম বন্দর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২০ সালের ১৪ জুন শহরের আকাশতারা এলাকায় তাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় পরদিন ১৫ জুন তালেবের স্ত্রী মোছা. রোখসানা বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ফিরোজ হোসেন, চাঁন মিয়া ও বাপ্পারাজের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়।

মামলার পর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ প্রধান আসামি ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করে তৎকালীন র‌্যাব। পরে পুলিশ অন্য দুই আসামি চাঁন মিয়া ও বাপ্পারাজকেও গ্রেপ্তার করে।

আদালত পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তিন আসামি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিল্লাল হোসেনের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।