বরগুনার পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণার সময় নারীদের ওপর বাধা ও হেনস্থার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা মহিলা বিভাগ।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইরানী আক্তার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষ থেকে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চলাকালীন নারীদের কাছে বার্তা পৌঁছে দিতে গিয়ে বিএনপির সমর্থকরা জামায়াতের নারী কর্মীদের বাধা দিচ্ছেন, হেনস্তা করছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন।
তিনি আরও বলেন, গত ২২ জানুয়ারি নাচনাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে প্রচারণাকালে বিএনপি সমর্থকরা জামায়াতের নারী কর্মীদের পথরোধ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং ধর্ষণের হুমকি দিয়েছেন। এতে কয়েকজন নারী কর্মী মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ তোলা হয়, একই দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বরইতলায় উঠান বৈঠকে দাওয়াত দিতে গেলে বিএনপি কর্মী সালাম শরীফ জামায়াতের এক নারী কর্মীকে হুমকি ও গালিগালাজ করেন। পরদিন তার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ওই নারী কর্মীর বাড়িতে হামলার চেষ্টা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন।
এছাড়া ২৭ জানুয়ারি নাচনাপাড়া ও পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণাকালে জামায়াতের নারী কর্মীদের প্রচারণার নিয়ম না মানা, গালিগালাজ ও ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এসব ঘটনার কিছু ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইরানী আক্তার বলেন, “নারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ মত প্রকাশ ও ভোটারদের কাছে দাওয়াত পৌঁছানোর অধিকার রাখে। কিন্তু আমাদের মা-বোনদের যেভাবে হুমকি ও হেনস্তা করা হচ্ছে, তা গণতন্ত্র ও নারীর নিরাপত্তার জন্য উদ্বেগজনক।”
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে ন্যায়বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।