মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

ইশরাকদের বলি হতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার: হাসনাত

মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ওপরও বর্তায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

ইশরাকদের বলি হতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার: হাসনাত

মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ওপরও বর্তায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাক হোসেনদের।

পোস্টে হাসনাত প্রশ্ন তোলেন, একজন প্রতিমন্ত্রী হয়েও কেন ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে মাঠে নামতে হলো। মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। এসব প্রতিষ্ঠান কার্যকরভাবে দায়িত্ব পালন করলে একজন প্রতিমন্ত্রীকে সরাসরি মাঠে নামতে হতো না বলেও মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, একজন প্রতিমন্ত্রীকে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হয় না। বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একইভাবে হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান তদারকির জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকার পরও প্রধানমন্ত্রীকে সরাসরি পরিদর্শনে যেতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।

তিনি আরও প্রশ্ন করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম এভাবে চলতে থাকলে একসময় জনগণ পরিস্থিতির প্রতিবাদে রাস্তায় নামলে সরকার কী করবে এবং তখন কাকে পদত্যাগ করিয়ে দায় এড়ানোর চেষ্টা করবে।

হাসনাতের মতে, কাউকে সরিয়ে দিয়ে সাময়িকভাবে সংকট সামাল দেওয়া সম্ভব হলেও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার সমাধান হয় না। এজন্য ব্যর্থতার কারণ অনুসন্ধান, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

পোস্টের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে হাসনাত বলেন, তাঁর ব্যর্থতার বলি হতে হবে ইশরাক হোসেনদের।