ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো ইউরোপীয় দেশগুলোও নিজেদের ভুল কৌশল ও নীতির কারণে সৃষ্ট পরিস্থিতির পরিণতি ভোগ করছে। বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাত ছড়িয়ে পড়ার জন্য পশ্চিমা দেশগুলোর ভুল নীতিকে দায়ী করে তিনি বলেন, আঞ্চলিক সংকট সমাধানের একমাত্র পথ হলো কূটনীতি।
সোমবার (১৯ অক্টোবর) তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আরাগচি।
সংবাদ সম্মেলনে ইউরোপীয় দেশগুলোকে বাস্তবতা উপলব্ধি করার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের ওপর সাম্প্রতিক বিভিন্ন হামলায় ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে। তাদের ভুল পদক্ষেপ ও নীতির কারণেই বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ ও সংঘাতের সৃষ্টি হচ্ছে।
আরাগচি আরও বলেন, সামরিক শক্তি প্রয়োগ করে সংকটের সমাধান করা সম্ভব নয়। এ জন্য আলোচনা ও রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।
একই সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, চলমান সংকট নিরসন এবং পারস্য উপসাগরে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে রাশিয়া প্রস্তুত রয়েছে।
ইউক্রেন প্রসঙ্গে লাভরভ অভিযোগ করেন, ইউক্রেন সরকার এবং ইউরোপের কয়েকটি দেশ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। এ ছাড়া বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে রাশিয়ার অবস্থানকে সমর্থন দেওয়ায় ইরানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।