ভোলা-১ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ৯৪টি কেন্দ্রের পাওয়া বেসরকারি তথ্যানুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২১ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামানের দেওয়া তথ্যমতে, ৯৪টি কেন্দ্রে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ‘গরুর গাড়ি’ প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ২২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬১ হাজার ৮৫৮ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওবায়দুর রহমান ‘হাতপাখা’ প্রতীকে ১৭ হাজার ৯৮০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
ভোলা সদর উপজেলার মোট ১১৪টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯৪টির ফলাফল সমন্বয় করা হয়েছে। ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন ভোটারের এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুরু থেকেই এই আসনে ধানের শীষের সমর্থনপুষ্ট পার্থ এবং জামায়াত প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল, যা আংশিক ফলাফলেও প্রতিফলিত হয়েছে।
বর্তমানে বাকি ২০টি কেন্দ্রের ভোট গণনার কাজ চলছে। তবে এখন পর্যন্ত পাওয়া ভোটের ব্যবধান ব্যারিস্টার পার্থের বিজয়কে প্রায় নিশ্চিত করে তুলেছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য উপজেলা নিয়ন্ত্রণ কক্ষে ফলাফল সংকলনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।