রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

ব্যস্ত মহানগরে শান্ত রূপ, রাজপথ রিকশার দখলে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর চেনা রূপে এসেছে এক শান্ত ভাব। যে ঢাকা সাধারণত যানজট আর হর্নের শব্দে মুখর থাকে, ভোট উৎসবের দিনে সেই শহর যেন হঠাৎ শান্ত ও স্থির হয়ে পড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীর প্রধান সড়কগুলো এখন মূলত পায়ে চালিত ও ব্যাটারিচালিত রিকশার দখলে।

ব্যস্ত মহানগরে শান্ত রূপ, রাজপথ রিকশার দখলে
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর চেনা রূপে এসেছে এক শান্ত ভাব। যে ঢাকা সাধারণত যানজট আর হর্নের শব্দে মুখর থাকে, ভোট উৎসবের দিনে সেই শহর যেন হঠাৎ শান্ত ও স্থির হয়ে পড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীর প্রধান সড়কগুলো এখন মূলত পায়ে চালিত ও ব্যাটারিচালিত রিকশার দখলে।

সরেজমিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সড়কে দেখা যায় এক অন্যরকম দৃশ্য। ব্যস্ততম এই মহাসড়কটি আজ প্রায় ফাঁকা। সেখানে এক রিকশাচালককে নির্ভার হয়ে যাত্রী নিয়ে যেতে দেখা যায়, যার কণ্ঠে ভেসে আসছিল আশির দশকের জনপ্রিয় সিনেমার গান— ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া’। সাধারণত এসব প্রধান সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও নির্বাচনের বিশেষ পরিস্থিতিতে বিধিনিষেধের তোয়াক্কা না করেই রিকশা নিয়ে নেমে পড়েছেন চালকরা। আশকোনা এলাকার সেই চালক জানান, বাস চলাচল বন্ধ থাকায় আজ তিনি মহাসড়কে ওঠার সাহস করেছেন। রিকশায় থাকা যাত্রী এক দম্পতিও জানালেন, ভোট দেওয়ার পর ফাঁকা ঢাকার সৌন্দর্য উপভোগ করতেই তারা রিকশা নিয়ে ভ্রমণে বের হয়েছেন।

নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিনে অধিকাংশ যানবাহন চলাচলে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে। জরুরি সেবা ছাড়া ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচল বন্ধ থাকায় রাজধানীর রাজপথ এক শান্ত রূপ নিয়েছে। আজিমপুর থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নেই কোনো চিরচেনা ব্যস্ততা। তবে এই নীরবতার মাঝেও ভোটারদের আনাগোনার চিত্র ছিল চোখে পড়ার মতো। প্রার্থীদের সমর্থকদের উদ্যোগে বয়স্ক ও সাধারণ ভোটারদের রিকশায় করে ভোটকেন্দ্রে আনা-নেওয়ার দৃশ্য এলাকাগুলোতে এক বিশেষ পরিবেশ তৈরি করেছে।

এদিকে গণপরিবহন না থাকায় রিকশা ও অটোরিকশা চালকদের ব্যস্ততা আজ তুঙ্গে। অনেক যাত্রী অভিযোগ করেছেন যে স্বাভাবিকের চেয়ে ভাড়া কিছুটা বেশি দাবি করা হচ্ছে। তবে চালকদের দাবি, বছরের অন্যদিনের তুলনায় আজ আয় একটু বেশি করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। ব্যস্ত নগরীর এই ক্ষণিকের প্রশান্তি আর রিকশাচালকদের সুর যেন নির্বাচনী উৎসবের দিনে এক ভিন্ন মাত্রার বৈচিত্র্য নিয়ে এসেছে।