গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এক শ্বাসরুদ্ধকর অভিযানে ডাকাতি হওয়া ১৯টি গরুসহ একটি ট্রাক উদ্ধার করেছে।
বুধবার (১১ মার্চ) রাত সোয়া তিনটার দিকে মহানগরীর সালনা ফরেস্ট অফিস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে এই মালামাল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
গাজীপুর সদর থানা পুলিশ জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে তারা খবর পায় যে, ময়মনসিংহের ভালুকা হাইওয়ে এলাকা থেকে একটি শক্তিশালী ডাকাত দল ১৯টি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে। ডাকাতরা ট্রাকের চালক, হেলপার এবং গরুর মালিকদের হাত-পা বেঁধে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ফেলে রেখে দ্রুত ঢাকার দিকে রওনা দেয়।
এই সংবাদ পাওয়ার পরপরই গাজীপুর সদর থানার একটি বিশেষ টহল দল মহাসড়কে অবস্থান নেয় এবং চেকপোস্ট স্থাপন করে। সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ থামার সংকেত দিলেও ডাকাতরা তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে পুলিশের ‘মোবাইল-১১’ নাইট টহল দল বেতার বার্তার মাধ্যমে সতর্ক হয়ে ট্রাকটির পিছু ধাওয়া করে।
টানা ধাওয়ার মুখে পড়ে রাত ৩টা ১০ মিনিটের দিকে সালনা ফরেস্ট অফিসের সামনে ডাকাতরা ট্রাকটি রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৯টি গরু অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, লুণ্ঠিত গরু ও ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এই চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।