ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থন্বেষী মহল। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক বলা হয়। হ্যাঁ; কোন ইনসাফ! দাঁড়িপাল্লার পাল্লা দুইটা। এক পাল্লায় গোপনে আমেরিকা, অন্য পাল্লায় গোপনে ভারত।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, “আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতে ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।”
নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরও বলেন, “বিএনপি-জামায়াত কেউ বলেনি আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো। তারা বলেছে, প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো। আমরা বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয়ী হয়, আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো। ৫৪ বছর দেশ স্বাধীন হলো। প্রচলিত এই আইনের কারণে হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগমপাড়া তৈরি হয়েছে। এই আইনের কারণে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা উন্নয়নের ফুলঝুরি দেখাতে পারবো না। আমরা দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন বিএনপি ঘর ছেড়ে পালায়, আর যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষ দেশ ছেড়ে পালাতে হবে না।”
সভায় ভোট প্রার্থনা করে তিনি বলেন, “হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটি ভোট পড়ে, তাহলে ইসলামের পক্ষে একটি শক্তি বাড়ে। তাই নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
উপজেলার পাবলিক মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির সভাপতি ও হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।
সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্যসচিব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন প্রমুখ।