দেশের প্রতিটি জেলায় ক্রীড়া উন্নয়নকে ছড়িয়ে দিতে ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনের শুরুতে স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ প্রশ্নোত্তর পর্ব উপস্থাপন করেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের ৬৪ জেলায় ক্রীড়া গ্রাম বা স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর আওতায় ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়ন কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরও জানান, কক্সবাজার জেলায় ‘আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে সেখানে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
এছাড়া রাজধানীর পূর্বাচলে আরেকটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে বলেও সংসদে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।