রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কতা জারি

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও সক্রিয় হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটসহ একাধিক বিভাগে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, একই সঙ্গে ঝড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কতা জারি
দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফাইল ছবি (সংগৃহীত)

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও সক্রিয় হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটসহ একাধিক বিভাগে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, একই সঙ্গে ঝড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় সব জেলাতেই ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলা এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চলের নরসিংদী ও নারায়ণগঞ্জেও একই ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা গেছে, দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে ৭৮ মিলিমিটার, আর রাজধানী ঢাকায় রেকর্ড করা হয়েছে ২৮ মিলিমিটার বৃষ্টি।

সব মিলিয়ে আগামী কয়েক দিন দেশের আবহাওয়া অস্থির থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। বিশেষ করে বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।