বরিশাল যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা। সোমবার সকাল ৭টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নিয়ে সর্বস্তরের মানুষ ও বিপুলসংখ্যক নেতাকর্মী হাত নেড়ে তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ওই এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সড়কজুড়ে সমবেত হওয়া নেতাকর্মীরা দলীয় সংহতি, গণতান্ত্রিক ধারা রক্ষা ও দেশের সার্বিক অগ্রগতির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী দিকনির্দেশনায় দেশ প্রগতির পথে এগিয়ে চলেছে। একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। আজকের এই স্বতঃস্ফূর্ত জমায়েত প্রধানমন্ত্রীর প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও অবিচল আস্থার বহিঃপ্রকাশ। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তার নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঐতিহাসিক এই শুভেচ্ছা বিনিময়কালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী উপস্থিত ছিলেন। দলীয় নেতাদের মধ্যে অংশ নেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ এবং ত্রাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন পিন্টু।
এছাড়া লতব্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন রন্টু, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার, উপজেলা শ্রমিক দলের উপদেষ্টা মো. পিয়ার আলী মোল্লা ও সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়াসহ উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের মাঠপর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এই অভ্যর্থনা কর্মসূচিতে যোগ দেন।