সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

দর্শকদের অভিজ্ঞতা জানতে তামিমের নতুন উদ্যোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে একের পর এক উদ্যোগ নিচ্ছেন তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধির পর এবার মাঠে আসা দর্শকদের অভিজ্ঞতা সরাসরি জানতে তাদের সঙ্গে বসার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

দর্শকদের অভিজ্ঞতা জানতে তামিমের নতুন উদ্যোগ
বিসিবি প্রধান তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে একের পর এক উদ্যোগ নিচ্ছেন তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধির পর এবার মাঠে আসা দর্শকদের অভিজ্ঞতা সরাসরি জানতে তাদের সঙ্গে বসার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।

নতুন দায়িত্ব নেওয়ার পর বিসিবির এক ভিডিও বার্তায় তামিম বলেন, 'প্লেয়ারদের কি কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না এটা নিয়ে আমরা আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যায় আছে নাকি এটা নিয়ে আলোচনা করি। কিন্তু কিছু কারণে বছরের পর বছর আমরা কোনো সময় আমাদের যারা সবচেয়ে বড় স্টেকহোল্ডার, যারা হলো আমাদের ফ্যানস আর যারা ক্রাউড, যারা মাঠে খেলা দেখতে আসেন তাদের সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে আমরা কোনো সময় কথা বলি না বা কথা বলার চেষ্টাও করিনি হয়তোবা।'

তিনি আরও বলেন, 'আমি এই জিনিসটা পরিবর্তন করতে চাই। আমি চাই যখন একজন দর্শক আমাদের মাঠে খেলা দেখতে আসবেন তার মাঠে খেলা দেখতে আসবেন তার অভিজ্ঞতাটা একটা দারুণ অভিজ্ঞতা হোক।'

দর্শকদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে বিসিবি প্রধান বলেন, 'দর্শক যেন বাসায় যেয়ে বলতে পারে যে আমি একটা চমৎকার পরিবেশের মধ্যে খেলা দেখেছি আজকে আমার নিজের দলের। আমরা এই একটা জায়গায় কোনো সময় কাজ করিনি। আমরা এই জিনিসটা করতে চাই। আপনারা যখন মাঠে আসবেন আপনাদের গেট থেকে ঢোকার থেকে নিয়ে সিটে বসা পর্যন্ত পানির ব্যবস্থা থাকা থেকে নিয়ে খাওয়া দাওয়া থাকা থেকে নিয়ে সবকিছুর এই অভিজ্ঞতাটা আমরা আপনাদের থেকে জানতে চাই।'

তিনি জানান, সব দর্শকের সঙ্গে একসঙ্গে কথা বলা সম্ভব না হলেও সীমিত সংখ্যক দর্শককে বেছে নিয়ে সরাসরি তাদের মতামত নেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'একসাথে তো আমি সব দর্শককে ডেকে কথা বলতে পারবো না। তবে আমরা যেসব জিনিস এখন থেকে করবো আমরা এই ক্রাউড থেকে ৫ জন হোক বা ১০ জন হোক তাদেরকে রেন্ডমলি ধরে নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের সাথে বসবো। মাঠে তাদের অভিজ্ঞতাটা আমি জানতে চাইবো যে তারা কোন জায়গায় সমস্যার মুখোমুখি হচ্ছে কি না।'

আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই এই উদ্যোগ শুরু করতে চান তামিম। তিনি বলেন, 'কী কী জিনিস আমরা ভালো করতে পারি আর কোন কোন জায়গায় আরও উন্নতি আনতে পারি এটা নিয়ে কথা বলবো দর্শকের সাথে। এটা আমি ইনশাল্লাহ ১৭ তারিখে আপনারা জানেন যে নিউজিল্যান্ডের সাথে আমাদের হোম সিরিজের প্রথম ম্যাচ। আমরা এই জিনিসটা প্রথম ম্যাচ থেকেই শুরু করবো।'