শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

'ঈদযাত্রায় ৩৯৪ সড়ক দুর্ঘটনায় ৪০২ জনের মৃত্যু'

ঈদুল আজহাকে ঘিরে দেশের সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ঈদের আগে ও পরে ১৫ দিনে সারা দেশে ৪৪২টি পরিবহন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩৮ জন, আহত হয়েছেন আরও ১ হাজার ৩৪০ জন। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনাতেই নিহত হয়েছেন ৪০২ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২৯৪ জন। বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সংগঠনটির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের ঈদুল আজহার তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনার সংখ্যা ৩ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মৃত্যুর হার বেড়েছে ৩ দশমিক শূন্য ৭ শতাংশ এবং আহতের সংখ্যা বেড়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ। গত ২১ মে থেকে ৪ জুন পর্যন্ত সংঘটিত দুর্ঘটনার তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একই সময়ে দেশের রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও ১৬ জন।

সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ১৫ দিনে মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ১ হাজার ৩৪০ জন।

মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি

প্রতিবেদন অনুযায়ী, এবারও দুর্ঘটনার তালিকায় শীর্ষে রয়েছে মোটরসাইকেল। মোট সড়ক দুর্ঘটনার ৩৮ দশমিক ৮৩ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। এই সময়ে ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে রয়েছেন ৮০ জন চালক, ৮৯ জন পরিবহনশ্রমিক, ৫৯ জন পথচারী, ৬৪ জন নারী, ৪৫ শিশু, ৬৬ শিক্ষার্থী, ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৩ জন শিক্ষক, ১ জন চিকিৎসক, ৩ জন সাংবাদিক, ১ জন প্রকৌশলী এবং ৪ জন রাজনৈতিক কর্মী।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদের সময় বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের কারণে পরিবহন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এই পরিস্থিতি মোকাবিলায় কেবল ১০ থেকে ১২ দিনের নজরদারি যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি দুর্ঘটনা হ্রাস এবং যাত্রীসেবা উন্নত করতে গণপরিবহন ব্যবস্থার সংস্কারের পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।