মাছ উৎপাদন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও চাষিদের উন্নয়নের নানা দিক তুলে ধরে নরসিংদীর রায়পুরায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষের কার্যক্রম। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) রায়পুরা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক মৎস্যজীবী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা। উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সবুজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।
বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বাড়ানো, নিরাপদ মাছ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যচাষিদের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরা হয়।
আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান এবং বিভিন্ন কার্যক্রমে সফলতার স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, এবারের জাতীয় মৎস্য পক্ষ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত পালিত হবে। এ উপলক্ষে রায়পুরা উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও মৎস্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, জেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুস, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, জেলা বিএনপির সদস্য কাজে আসাদুর রহমান মিলন, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বাছেদ, রায়পুরা পৌরসভার যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, রায়পুরা পৌর যুবদল সদস্য সচিব সুমন নেওয়াজ এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মোজাহিদ। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।