সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

গেম অব থ্রোন্স অনুকরণে জামায়াত আমিরের ব্যানার: ‘উইন্টার ইজ কামিং’

চট্টগ্রাম নগরীতে সম্প্রতি বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ব্যানার টাঙানো নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ব্যানার নিয়ে নেটিজনদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সমালোচনা দেখা গেছে। তবে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এসব ব্যানারের সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো সরাসরি সম্পর্ক নেই।

গেম অব থ্রোন্স অনুকরণে জামায়াত আমিরের ব্যানার: ‘উইন্টার ইজ কামিং’
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে সম্প্রতি বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ব্যানার টাঙানো নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ব্যানার নিয়ে নেটিজনদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সমালোচনা দেখা গেছে। তবে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এসব ব্যানারের সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো সরাসরি সম্পর্ক নেই।

ব্যানারগুলোতে দেখা যাচ্ছে ডা. শফিকুর রহমানকে অগ্রভাগে দাঁড়িয়ে তলোয়ার আকৃতির দাঁড়িপাল্লা হাতে ধরে। উপরের অংশে লেখা আছে ‘উইন্টার ইজ কামিং’, যা জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্স-এর একটি সংলাপ। নিচে উল্লেখ করা হয়েছে—‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’।

সোমবার (২ ফেব্রুয়ারি) জামায়াত আমির কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছাবেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি কক্সবাজারের মহেশখালী ও সদর, চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া, সীতাকুণ্ড এবং মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ধারণা করা হচ্ছে, এই সফরের প্রেক্ষিতে ব্যানারগুলো টাঙানো হয়েছে।

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, “এই ব্যানারগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ফ্যান পেজ থেকে ভাইরাল হয়ে পরে প্রিন্ট করে টাঙানো হয়েছে। এর সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। কিছু ফ্যান আবেগ বা উৎসাহ প্রকাশের জন্য এটি করেছেন, কিন্তু এতে রাজনৈতিক কোনো বার্তা নেই।”

চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। সাংগঠনিকভাবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিষয়টি যাচাই করা হচ্ছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব’ লিখে সার্চ করলে একাধিক পেজ ও গ্রুপ পাওয়া যায়, যেখানে এই ধরনের ছবি শেয়ার করা হয়েছে। নেটিজনরা বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করছেন, কেউ কেউ সমালোচনা করছেন।

উল্লেখ্য, গেম অব থ্রোন্স সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ স্টার্ক পরিবারের মূলমন্ত্র। এটি আসন্ন বিপদ ও বড় পরিবর্তনের সতর্কবার্তা হিসেবে ব্যবহৃত হয়, যা সিরিজটিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে।