গ্রাম পর্যায়ে দ্রুত ও সহজে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ (ট্রেইনার্স ট্রেনিং) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রিসোর্স টিমের (ইউআরটি) সদস্যদের নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সোমবার (১৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নরসিংদীর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোছা. নাদিরা আখতার। গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রমের সঙ্গে যুক্ত উপজেলা রিসোর্স টিমের সদস্যরা প্রশিক্ষণে অংশ নেন।
গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসানুল হক মিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় জেলার সব উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেন, “গ্রাম আদালত হলো সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির মাধ্যমে এটি স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলা রিসোর্স টিমের সদস্যদের দক্ষতা বৃদ্ধি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সহায়তা করবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে গ্রাম আদালতের সেবা আরও সহজলভ্য ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।