একটি গৃহকর্মী শিশুকে নির্যাতনের অভিযোগে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ প্রথম আলোকে জানান, শিশু নির্যাতন দমন আইনের আওতায় দায়ের করা একটি মামলায় সাফিকুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, সাফিকুর রহমানের বাসায় একটি শিশু গৃহকর্মী হিসেবে কাজ করত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই শিশুকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।