শুক্রবার, 16 অক্টোবর 2026
সকল বিভাগ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দিল অধিদপ্তর

দেশের স্বাস্থ্য খাতের জনবল সংকট কাটাতে ১৩ থেকে ১৬তম গ্রেডে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এসব পদে নিয়োগ দেওয়া হবে।

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দিল অধিদপ্তর

দেশের স্বাস্থ্য খাতের জনবল সংকট কাটাতে ১৩ থেকে ১৬তম গ্রেডে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এসব পদে নিয়োগ দেওয়া হবে।

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব পরিচালক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট উপপরিচালক ও সহকারী পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, স্বাস্থ্যসেবা বিভাগে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত এবং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্য খাতের জনবল ঘাটতি পূরণে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিয়োগ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের বিশেষভাবে উদ্যোগী হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুসরণ করে পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে ১৩ থেকে ১৬তম গ্রেডের সব শূন্য পদ পূরণ করতে হবে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে।

এ ছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন গ্রহণ করা হয়েছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি, সেসব প্রতিষ্ঠানে নতুন করে শূন্য পদের ছাড়পত্র নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। আগের আবেদনকারীদের আবেদনের সঙ্গে সমন্বয় করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কোনো প্রতিষ্ঠানে নিয়োগসংক্রান্ত মামলা বা প্রশাসনিক জটিলতা থাকলে তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতেও বলা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা নিয়োগ কার্যক্রম সচল করার ওপরও গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৮৫ অনুযায়ী বিভাগীয় কার্যালয়সহ সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন কিছু স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রধান সহকারী পদটি ১৩তম গ্রেডের। তবে ২০১৮ সালের বিধিমালায় পদটি ১৪তম গ্রেডে অন্তর্ভুক্ত হওয়ায় পদোন্নতির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে।

এই জটিলতা নিরসনে ১৪তম গ্রেডে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী বা সমমানের পদধারীদের ১৩তম গ্রেডের শূন্য পদে নিজ বেতনে অথবা চলতি দায়িত্বে পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগ কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত অগ্রগতির তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখায় পাঠাতে হবে। একই সঙ্গে এসব তথ্যের হার্ডকপি ও ই-মেইল কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।