পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী হাসপাতালে না নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন তার বোন উজমা খান।
শনিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ আগস্টের আদেশে ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে একটি চিকিৎসক দলের মাধ্যমে পরীক্ষা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। কিন্তু শুক্রবার তাকে ওই হাসপাতালে না নিয়ে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়।
উজমা খানের আবেদনে ইসলামাবাদের প্রধান কমিশনার, স্বরাষ্ট্রসচিব, পাঞ্জাবের কারা মহাপরিদর্শক ও আদিয়ালা কারাগারের সুপারকে বিবাদী করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আইনমন্ত্রী ও তথ্যমন্ত্রীকেও আবেদনে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ইমরান খানকে শিফা হাসপাতালে নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা ছিল স্পষ্ট এবং বাস্তবায়নযোগ্য। ফলে তাকে সেখানে না নিয়ে পিআইএমএসে নেওয়া আদালতের আদেশের ইচ্ছাকৃত ও সরাসরি লঙ্ঘন।
ডনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা, কারণ দর্শানোর নোটিশ জারি এবং তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করার আবেদন জানিয়েছেন উজমা। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইমরানকে শিফা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধও করা হয়েছে।
এর আগে ইমরানকে হাসপাতালে নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছিল পাকিস্তান সরকার। তবে নথিতে ত্রুটি থাকার কথা জানিয়ে সেই আবেদন ফেরত দেয় আদালতের রেজিস্ট্রার কার্যালয়।