শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

জ্বালানি তেলের পরিমাপে অনিয়ম, মৌলভীবাজারে ফিলিং স্টেশনকে জরিমানা

জ্বালানি তেলের পরিমাপে অনিয়মের অভিযোগে মৌলভীবাজারের একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলার চারটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ ও মান যাচাইয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।

জ্বালানি তেলের পরিমাপে অনিয়ম, মৌলভীবাজারে ফিলিং স্টেশনকে জরিমানা

জ্বালানি তেলের পরিমাপে অনিয়মের অভিযোগে মৌলভীবাজারের একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলার চারটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ ও মান যাচাইয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ। অভিযানের তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম) মো. মাহফুজুল হক অমি। ‘প্রসিকিউটিং এজেন্সি’ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় মেরিগোল্ড সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন এবং মেসার্স আমিরুন্নেছা খানম অ্যান্ড কোংয়ে জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। পরীক্ষায় এসব প্রতিষ্ঠানে তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়।

তবে রাজনগরের মহলালের জরিফ মিয়া ফিলিং স্টেশনে পরিমাপে অসঙ্গতি ধরা পড়ে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই স্টেশনে অকটেনে প্রতি ১০ লিটারে ৪৩০ মিলিলিটার এবং ডিজেলে প্রতি ১০ লিটারে ২৭০ মিলিলিটার করে ঘাটতি পাওয়া যায়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক জানান, নির্ধারিত পরিমাণের তুলনায় কম জ্বালানি সরবরাহের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে প্রচলিত আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ফিলিং স্টেশনটিকে পরিমাপসংক্রান্ত সব ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তাদের সঠিক পরিমাণে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।