জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। সাধারণ ক্ষমার আওতায় তারা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অথবা নির্দিষ্ট শর্ত পূরণ করে জর্ডানেই বৈধভাবে কাজের সুযোগ পাবেন।
বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জর্ডান সরকার দেশটিতে থাকা প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই সুবিধার আওতায় অবৈধ অবস্থানে থাকা শ্রমিকরা চাইলে কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন। পাশাপাশি নির্ধারিত শর্ত মেনে দেশটিতে থেকে কাজ চালিয়ে যাওয়ার সুযোগও রয়েছে।
সাধারণ ক্ষমার আওতায় প্রবাসী শ্রমিকরা চাইলে তাদের কর্মস্থল পরিবর্তন করতে পারবেন। এছাড়া গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ পাবেন। অন্যদিকে, যারা ভ্রমণ ভিসায় জর্ডানে প্রবেশ করেছেন, তারাও চাইলে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।
ঘোষিত সাধারণ ক্ষমার সুবিধা নিতে আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।