রাজশাহী মহানগরীতে পায়ের জুতা এবং শার্টের কলারের ভেতরে লুকিয়ে অত্যন্ত কৌশলে হেরোইন পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মামুন মোল্লা (৪০), যিনি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার দক্ষিণ মাসদাইর এলাকার বাসিন্দা। র্যাব জানায়, তাদের একটি বিশেষ দল দামকুড়া থানাধীন হরিপুর কালুরডাঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় একটি অটোরিকশার যাত্রীকে সন্দেহ করে। পরে দেহ তল্লাশি করে তার পরিহিত জুতার ভেতর এবং শার্টের কলারের লোগোর নিচে সেলাই করা অবস্থায় ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা এবং মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন মোল্লা স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই তিনি এই অভিনব কৌশলের আশ্রয় নিতেন।
র্যাব-৫ এর অধিনায়ক জানিয়েছেন, ধৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এবং মাদকের বিস্তার রোধে র্যাবের এই ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।