সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

‎জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি।

‎জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। রোববার ১৯ এপ্রিল বিকেল ৫টায় টিএসসির সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে তেলের দাম বাড়ানোর পদক্ষেপকে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর এক নতুন বোঝা হিসেবে আখ্যায়িত করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, তেলের কৃত্রিম সংকট তৈরি করার দীর্ঘ তালবাহানা শেষে পরিকল্পিতভাবে দাম বাড়ানো হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান তার বক্তব্যে উল্লেখ করেন, সাধারণ মানুষ আজ নিত্যপণ্যের আকাশচুম্বী দামের কাছে অসহায়। তেলের এই মূল্যবৃদ্ধি জনগণের ওপর সরকারের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া বাড়তি চাপ ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও দাবি করেন, জনগণ একটি কল্যাণমুখী শাসনব্যবস্থা আশা করলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা, ব্যাংক খাতে চরম বিশৃঙ্খলা এবং অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সমাবেশে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী বলেন, অসাধু চক্রের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে উল্টো যারা দুর্নীতির প্রতিবাদ করছেন, সেই সব অ্যাক্টিভিস্টদের জেল-জুলুম ও মামলা দিয়ে হেনস্তা করা হচ্ছে। তিনি অবিলম্বে কারাবন্দি অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সংগঠনটির ঢাবি শাখার সিনিয়র সহসভাপতি আছিয়া আক্তার রেমিজা সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের সূত্র ধরে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যদি দেশে জ্বালানির কোনো সংকটই না থাকে, তবে কার স্বার্থে তেলের দাম বাড়ানো হলো? নির্বাচনের পর বর্তমান সরকার জনগণের পক্ষে কাজ করবে এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে তারা সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করছে বলে তিনি মন্তব্য করেন। সমাবেশ থেকে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ অনতিবিলম্বে জ্বালানি সংকট সমাধান এবং তেলের দাম কমানোর জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।