খুলনা নগরীর ব্যস্ততম এলাকায় প্রকাশ্য গুলিতে এক তরুণ নিহত হওয়ার ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়েছে। দুর্বৃত্তদের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক প্রাণ হারান। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি সেলুনের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাকিব হোসেন ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাকিব আশিবিঘা এলাকার একটি সেলুনে বসে ছিলেন। এ সময় হঠাৎ দুই ব্যক্তি সেলুনের ভেতরে প্রবেশ করে তাঁকে টেনে বাইরে রাস্তায় নিয়ে যান। এরপর খুব কাছ থেকে তাঁর মাথায় পরপর দুটি গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে রাকিব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রাকিবকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং নিহত রাকিবের বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিন উজ জামান প্রথম আলোকে বলেন, “মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি ও আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।