কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যাওয়া একটি বাজারের ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
সোমবার দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, সিএনজিচালিত অটোরিকশায় মাদক পাচারের তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে উখিয়ার বালুখালী এলাকার মরাগাছতলা এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। এরপর মো. কায়সারের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করা হয়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তাদের ব্যবহৃত সিএনজি এবং একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।