কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জাফর আলম হত্যাকাণ্ডের ঘটনায় চারজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় একজনকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে এবং আরেকজনকে দেড় বছরের সশ্রম কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার মৃত এজহার মিয়ার ছেলে নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) এবং নুরুল ইসলামের ছেলে আশরাফুজ্জামান (৪৫)।
এ ছাড়া মামলার অপর আসামি মনজুরুল ইসলাম (৪৪) অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান। একই মামলায় ফরিদুল হক ওরফে সোনা মিয়া (৪১)-কে দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল এবং ১০ নম্বর আসামি আলী হোসেন বিচার চলাকালে মারা যাওয়ায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০১০ সালের ২৬ ডিসেম্বর ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্ব পাশে জাফর আলমের জমি দখলের চেষ্টা করেন আসামিরা। এ সময় তিনি বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এসটি-৭১০/১২ নম্বরে দীর্ঘদিন বিচারাধীন থাকার পর আদালত আজ এই রায় প্রদান করেন।