মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারীকে অপহরণচেষ্টার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুলাউড়া উপজেলার মো. জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর উপজেলার মো. কাওছার আহমদ (৩৪) এবং জসিম মিয়া (৩৬)। পুলিশ জানিয়েছে, এই চক্রটি সিলেট অঞ্চলজুড়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত রবিবার সকালে দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা ফাতেমা পারভেজ নিশি শ্রীমঙ্গল যাওয়ার জন্য কমলগঞ্জের বটতলা বাজারে অপেক্ষা করছিলেন। তখন একটি সাদা প্রাইভেট কার নিয়ে আসা অভিযুক্তরা তাকে গাড়িতে ওঠার প্রস্তাব দেয়। তিনি অস্বীকৃতি জানিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলে গাড়িটি তাকে অনুসরণ করে নির্জন রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে গাড়ি থেকে একজন নেমে জোরপূর্বক তার মুখ চেপে ধরে গাড়িতে তোলার চেষ্টা করে। তবে সাহসী ফাতেমা ধস্তাধস্তি করে তাদের হাত থেকে পালিয়ে রক্ষা পান।
এই ঘটনায় ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে সিলেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোবহানীঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, গ্রেপ্তারকৃতরা মূলত মাদক, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। রমজানের ভোরে রাস্তা ফাঁকা পেয়ে তারা ওই নারীকে অপহরণের পর ধর্ষণের পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। এই চক্রের পলাতক সদস্য জাহাঙ্গীরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।