মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটতে পারে আজই। কয়েক সপ্তাহ ধরে চলা অচলাবস্থার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাফ জানিয়ে দিয়েছে—বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতে গিয়েই মাঠে নামতে হবে। এমন বাস্তবতায় বিসিবির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেটাঙ্গন।

ক্রিকেটারদের সঙ্গে  বৈঠকে বসছেন আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটতে পারে আজই। কয়েক সপ্তাহ ধরে চলা অচলাবস্থার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাফ জানিয়ে দিয়েছে—বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতে গিয়েই মাঠে নামতে হবে। এমন বাস্তবতায় বিসিবির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেটাঙ্গন।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এই বৈঠকের তথ্য জানিয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলা টানাপোড়েনের মধ্যে বুধবার বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠক শেষে আইসিসি স্পষ্ট করে দেয়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতের ভেন্যুতেই অংশ নিতে হবে।

এর আগে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার বিষয়ে কঠোর অবস্থানে ছিল বিসিবি। তবে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে একদিন সময় দিয়েছে আইসিসি। ফলে আজকের মধ্যেই অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে হবে বোর্ডকে।

ক্রিকবাজ বিসিবি সূত্রের বরাতে জানিয়েছে, বিকেল ৩টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে লিটন দাস, মোস্তাফিজুর রহমানসহ বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সরকারের অবস্থান সরাসরি ক্রিকেটারদের জানাবেন ক্রীড়া উপদেষ্টা।

বৈঠকে কেন ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বর্তমান পরিস্থিতি কী, সে বিষয়গুলো খেলোয়াড়দের সামনে তুলে ধরবেন আসিফ নজরুল। পাশাপাশি ক্রিকেটারদের মতামত শোনার কথাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে খেলোয়াড়দের প্রত্যাশা ও ভাবনা জানতে চাইবেন ক্রীড়া উপদেষ্টা। একই সঙ্গে চলমান সংকট থেকে উত্তরণের সম্ভাব্য পথ নিয়েও আলোচনা হবে।

আইসিসির বেঁধে দেওয়া এক দিনের সময়সীমার মধ্যে এই বৈঠকের পরই বিসিবির পক্ষ থেকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।