কুষ্টিয়ার খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। যাত্রীবাহী একটি বাস ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বাসটি উল্টে পাশের পুকুরে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহত ও নিহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকিদের কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।