শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলার পর জ্বালানি মজুদ কেন্দ্রে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন
ছবি : সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলার পর জ্বালানি মজুদ কেন্দ্রে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ১ এপ্রিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা নিহতের খবর পাওয়া যায়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি গণমাধ্যমকে জানান, হামলাকারীরা সরাসরি বিমানবন্দরের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কুয়েত এভিয়েশন ফুয়েল কোম্পানির স্টোরেজ ট্যাংককে লক্ষ্যবস্তু বানায়। ড্রোনটি আঘাত হানার সঙ্গে সঙ্গেই সেখানে তীব্র আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, আগুনের ঘটনায় বড় ধরনের কোনো শারীরিক ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আবদুল্লাহ আল রাজি সরাসরি ইরান এবং তাদের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন। তিনি এই কর্মকাণ্ডকে কুয়েত বিমানবন্দরের ওপর একটি উদ্ধত ও নির্লজ্জ হামলা হিসেবে আখ্যা দেন। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েতের আকাশপথ বন্ধ রাখা হলেও বিমানবন্দরটিকে কেন্দ্র করে ঘন ঘন হামলার ঘটনা ঘটছে।