ফেনীর দাগনভূঞায় মাদকের টাকা না পেয়ে নিজ মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে বাবাসহ ছোট বোনও গুরুতর আহত হন। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১০ মে) রাত ১০টার দিকে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাফি (২১)কে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত রাফি মাদক কেনার জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার মা লাকি বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাকে থামানোর চেষ্টা করলে বাবা মো. মোস্তফা ও বোন মিথিলা (১৮)কেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর স্থানীয়রা রাফিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, কুমিল্লা জেলার সীমান্তঘেঁষা হওয়ায় সিন্দুরপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও পাচারের জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে।
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমিসহ ওসি ফয়জুল আমিন নোমান ঘটনাস্থলে যাই। পরে ঘাতক রাফিকে আটক করে থানায় আনা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”